উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মাসুদ (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১২। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুদ শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকার মো. সায়েদ আলীর ছেলে।র্যাব-১২ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ চার বছর ধরে প্রবাসে রয়েছেন। এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে ওই নারীর সঙ্গে মাসুদের পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ভুক্তভোগীর মোবাইল ফোন নিয়ে তার নিজ বাড়িতে চলে যান। পরে মোবাইল ফোন ফেরত নিতে ওই নারী মাসুদের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।মামলাটির এফআইআর নম্বর-৯৭, তারিখ ২২ আগস্ট ২০২৬ই । জিআর নম্বর-৭৩৪ । মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় করা হয়েছে।র্যাব জানায়, মামলার পর থেকে মাসুদ পালিয়ে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে শিবগঞ্জের আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।