উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষা ও মেধার বিকাশে গ্রামীণ তরুণদের উৎসাহিত করতে এক আনন্দঘন( ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬। 'আলোর পথের দিগনগর ইউনিয়ন সংগঠন'-এর শুভ উদ্যোগে দিগনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।সংগঠন সূত্রে জানা গেছে, শিক্ষানুরাগী এই ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় এবং ১টি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা এ বছর বিভিন্ন পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের এই সাফল্যকে উদ্ভাসিত করতেই এমন ব্যতিক্রমী আয়োজন। সংবর্ধিতদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় শাখা থেকে ১২ জন এবং মাদ্রাসা শাখা থেকে ৫ জন সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উচ্চ বিদ্যালয় শাখা থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ১ জন এবং সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী ১ জন অদম্য মেধাবীকেও ক্রেস্টের মাধ্যমে পুরস্কৃত ও উৎসাহিত করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় সঠিক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। আলোর পথের দিগনগর ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজনটি এক অনন্য উচ্চতায় পৌঁছে।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মেধার সুযোগ্য মূল্যায়নই পারে তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে। এ ধরনের মেধাভিত্তিক স্বীকৃতি শিক্ষার্থীদের পড়ালেখায় নতুন উদ্দীপনা জোগাবে এবং দিগনগরের শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে এক সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। শুভানুধ্যায়ী ও উপস্থিত সবার অভিনন্দনে কৃতি শিক্ষার্থীরা আগামীর সুনাগরিক হিসেবে দেশ গড়ার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফেরে।