উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরভিত্তিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা অংশগ্রহণ করেন। আলোচনায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলোর নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার মাঠের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয় গুরুত্ব পায়।এ সময় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের জন্য স্থান নির্ধারণের প্রস্তাবও আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন, সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী নতুন প্রজন্ম গড়ে তুলতে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।