উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের দুই পায়ের রগ কেটে দেওয়ার পর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অর্ধশতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিপক্ষ। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর জনারদন্দী গ্রামের বৃদ্ধ এছাহাক সরদারের (৭৫) সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন, পারভেজ, রবিউল ও লিমনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। তারা এছাহাক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শনিবার সকালে প্রতিপক্ষ ঝালু মোল্লা ও দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে হামলাকারীরা পুনরায় সংগঠিত হয়ে বৃদ্ধের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভীতি সৃষ্টি করতে প্রায় অর্ধশতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় এবং দুটি বসতঘর ভাঙচুর করে। এতে বাধা দিতে গিয়ে জাহিদ খান (২৫), রাজিব সরদার (২৫) ও নাজমুল বেপারী (২৩) নামে তিন যুবক আহত হন।ঘটনার পর থেকে অভিযুক্ত ঝালু মোল্লা পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান:"জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"