উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী বুড়াবুড়ি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই দাবি পূরণে নির্বাচনের ফলাফলের অপেক্ষা না করে নিজ অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়াবুড়ি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে অসুস্থ রোগীদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড়সহ দূরের হাসপাতালে নিতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে রাতের বেলায় জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে সমস্যাটি আরও প্রকট হয়ে উঠত।এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও নির্বাচনী প্রার্থীদের কাছে একটি অ্যাম্বুলেন্সের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। এবার চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু নির্বাচিত হওয়ার আগেই সেই প্রয়োজন পূরণের উদ্যোগ নেন।স্থানীয় বাসিন্দা মো. রেজাউল বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল। এখন জরুরি সময়ে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি উদ্যোগটির জন্য সন্তোষ প্রকাশ করেন।দুলাল হোসেন বাচ্চু বলেন, “ভোটে জয়ী হই আর না হই, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্যই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।”তিনি জানান, ইউনিয়নের কোনো মানুষ অসুস্থ হলে শুধু জ্বালানি খরচ ও চালকের বকশিশ দিলেই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে চিকিৎসার জন্য যাওয়া যাবে।স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এই ইউনিয়নে অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় দুর্ঘটনা, প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসা, বয়স্ক ব্যক্তি ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমবে।তাদের প্রত্যাশা, নির্বাচনের ফলাফল যাই হোক, ইউনিয়নবাসীর জন্য চালু করা এই সেবাটি নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হবে।