উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত।মামলার ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে স্বয়ং অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলাটি একতরফাভাবে শুনানি ও বিচার হতে পারে।সমিতির গঠনতন্ত্রের ২৪ ধারার সঙ্গে সাংঘর্ষিক বিধান প্রয়োগ করে গাড়ির ব্লু-বুকে নাম না থাকা সত্ত্বেও ভোটার করার সুযোগ দেওয়া হচ্ছে, অথচ প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। দুটি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত না করেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কারণে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।এ বিষয়ে শেখ জামাল উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতে ১৯৫/২৬ নম্বর মামলা দায়ের করেন।প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহুরুল হকসহ ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীকে এই মামলায় প্রতিপক্ষ করা হয়েছে।