উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) ভোর ৬টা ২০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে অবস্থান করছিল। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হয়।পুলিশের দাবি, সংকেত পেয়ে মোটরসাইকেলটি ফেলে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মো. আলিমদ্দীন (৪৫) ও মো. দর্শন আলী (৪০) নামে দুজনকে আটক করে। তাদের সঙ্গে থাকা অপর একজন পালিয়ে যায়।পরে আইন অনুযায়ী তল্লাশি চালিয়ে আটক দুজনের কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।