উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ব্যবহারের দায়ে একটি আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনি, কুসুম্বি এলাকায় অবস্থিত ‘প্রিন্স সুপার আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া।অভিযানকালে কারখানাটিতে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও খাদ্যে ব্যবহারের অনুপযোগী রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন কাপ তৈরি এবং অনিবন্ধিত অবস্থায় শিশুখাদ্য আইসক্রিম উৎপাদনের বিষয়টিও ধরা পড়ে।এ সময় কারখানার ফ্রিজে নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি দিয়ে প্রস্তুত করা বিপুল পরিমাণ আইসক্রিম পাওয়া যায়। পরে এসব আইসক্রিম জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিন (৪৮) অপরাধের দায় স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।পরে কারখানার মালিককে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।