উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শাহজাদপুর পৌরসভা। এ সাফল্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রশংসায় ভাসছেন শাহজাদপুর পৌরসভার প্রশাসক ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরিচিত সাবরিনা শারমিন।সংশ্লিষ্টদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে শাহজাদপুর পৌরসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের ভোগান্তি কমিয়ে সঠিক সময়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ, শিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ নানা ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়। ফলে এ কার্যক্রমে শাহজাদপুর পৌরসভার প্রথম স্থান অর্জনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।স্থানীয় নাগরিকরা জানান, পৌর প্রশাসক সাবরিনা শারমিনের নেতৃত্বে নাগরিকসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সেবার মানোন্নয়ন এবং মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।সংশ্লিষ্টরা আশা করছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার মধ্যে প্রথম স্থান অর্জনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং শাহজাদপুর পৌরসভা নাগরিকসেবায় আরও দৃষ্টান্ত স্থাপন করবে।