উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বাশাইর ১নং ওয়ার্ডের বণিকপাড়ায় চলমান ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশন কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে চলমান ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ তোলা হলেও সরেজমিনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্র পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, বাশাইর ১নং ওয়ার্ডের বণিকপাড়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। কাজ চলাকালে অতিবৃষ্টির কারণে নির্মাণাধীন ড্রেনের আংশিক কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় মেরামত করে কাজ সচল রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।এদিকে, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী মেম্বারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার দাবি, প্রকৃত ঘটনা যাচাই না করে তাকে জড়িয়ে ভিডিও প্রকাশ করায় তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।শওকত আলী মেম্বার বলেন, “বাশাইর ১নং ওয়ার্ডের বণিকপাড়ায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ চলমান রয়েছে। অতিবৃষ্টির কারণে কাজের একটি অংশ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেটি পুনরায় মেরামত করা হয়েছে। অথচ বিষয়টি সঠিকভাবে যাচাই না করে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করা হয়েছে।”তিনি আরও বলেন, “আমাকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের কারণে আমি সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ বা তথ্য প্রকাশের আগে অবশ্যই সরেজমিনে যাচাই করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা কারও সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করতে পারে।”এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটির প্রতিবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রকৃত ঘটনা যাচাই করে তা উপস্থাপন করা উচিত।স্থানীয় নেতৃবৃন্দ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা পোস্ট প্রকাশিত হলেই সেটিকে সরাসরি সংবাদ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে তা উপস্থাপন করা জরুরি।শওকত আলী মেম্বারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কারও বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট বা মনগড়া তথ্য প্রচার না করে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান।