উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং `র'এর প্রধান পরাগ জৈন ঢাকায় এসেছেন। বাংলাদেশের আমন্ত্রণে রোববার (৯ আগস্ট) বিকালে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি ঢাকায় পৌঁছান বলে ভিওডি বাংলাকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবল রায় চৌধুরী। প্রতিনিধিদলটি রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ভারত বা বাংলাদেশ—কোনো পক্ষই এখন পর্যন্ত সফরটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পরাগ জৈন স্পেশাল প্রোটেকশন গ্রুপেরও বিশেষ সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন। চলতি ঢাকা সফরের আগে পরাগ জৈন চীন সফর করেন। এরপর তিনি বাংলাদেশে এসেছেন।বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। দুই দেশের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপন এবং পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবেই র-এর প্রধানের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে তার সফরের আলোচ্যসূচি, বাংলাদেশি পক্ষের সঙ্গে কারা বৈঠক করবেন কিংবা সফরে কী ধরনের সমঝোতা বা সিদ্ধান্ত হতে পারে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।