উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়দের হাতে এক নারী ও এক যুবদল নেতা আটক হয়েছেন। এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আটক হওয়া নারী চম্পা রানী মল্লিক।শনিবার (৮ আগস্ট) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ "মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ আগস্ট রাতে হরিনগর গ্রামের একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সন্দেহে স্থানীয়রা ওই বাড়ি ঘেরাও করেন। এ সময় চম্পা রানী মল্লিক ও তালা উপজেলা যুবদলের এক নেতাকে সেখানে পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা দুইজনকে আটক করে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।আটক যুবদল নেতার নাম প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয়রা জানান, তিনি উপজেলা যুবদলের সক্রিয় কর্মী।সংবাদ সম্মেলনে চম্পা রানী বলেন, আমি কোনো অন্যায় করিনি। আমাকে ও যুবদল নেতাকে ফাঁসানোর জন্য এই নাটক সাজানো হয়েছে। ঘটনার পর থেকে আমার স্বামী-সন্তান নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।এ বিষয়ে তালা উপজেলা যুবদলের এক নেতা বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের নেতার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।তালা থানার ওসি বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ বিষয়ে এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।