উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈকত (৩৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত বাগেরহাট সদর উপজেলার জয়গাছি- রঘুনাতপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, সৈকত মোটরসাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। শ্রীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সৈকতকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার পর স্বল্প সময়ের মধ্যে সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের ধারণা পথেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।