উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সংবাদমাধ্যমের ইতিহাস, সাংবাদিকদের অবদান এবং সংবাদভিত্তিক জাতীয় ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রথম জাতীয় সংবাদ জাদুঘর 'নিউজিয়াম (NEWSEUM bd)' প্রতিষ্ঠার জাতীয় প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। আজ ৭
আগস্ট, শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঐতিহাসিক জুলাই মঞ্চে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রস্তাবনায় বলা হয়, দেশে এখনো সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন সংবাদমাধ্যম, আলোকচিত্র ও সংবাদ-সংক্রান্ত দলিলপত্র সংরক্ষণের জন্য কোনো সমন্বিত জাতীয় প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এ প্রেক্ষাপটে নিউজিয়ামকে একটি আধুনিক সংবাদ জাদুঘর, ডিজিটাল আর্কাইভ, গবেষণা কেন্দ্র, সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জাতীয় তথ্যভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, নিউজিয়ামে দেশের ৬৪ জেলার সংবাদ-ইতিহাস, উন্নয়নের ধারাবাহিকতা, ঐতিহাসিক সংবাদ, আলোকচিত্র, ভিডিও, অডিও এবং গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ করা হবে। পাশাপাশি গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক ও নীতিনির্ধারকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্য ও গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, তথ্যভিত্তিক রাষ্ট্র পরিচালনা, ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলা, সংবাদভিত্তিক গবেষণা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় স্মৃতি সংরক্ষণে নিউজিয়াম বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রস্তাবনায় সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে: ·
নিউজিয়ামকে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প হিসেবে স্বীকৃতি প্রদান·
অস্থায়ী স্থান বরাদ্দ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ·
জাতীয় সংগ্রহ অভিযান পরিচালনা ও ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা·
গবেষণা ও সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা·
জাতীয় সংবাদ মেলার আয়োজনসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান এ ছাড়া, সরকার, সংবাদমাধ্যম, সাংবাদিক সংগঠন, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সচেতন নাগরিকদের এ উদ্যোগে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নিউজিয়াম প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ হুমায়ুন কবির ভুঁইয়া। নিউজিয়াম এবং সাংবাদিকতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জুলাই মঞ্চের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন: ·
মো: কবির হোসেন মাস্টার
— জুলাই যোদ্ধা ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক·
ডি এম শহিদুজ্জামান
— চিফ ফটো জার্নালিস্ট, ডেইলি গ্লোবাল ন্যাশন·
সাহেল আহম্মেদ সোহেল
— মহাসচিব, বাংলাদেশ সর্বজনীন দল (সাবেক সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-৪)·
মোঃ মনিরুজ্জামান —
প্রতিষ্ঠাতা, পরিচালক ও সম্পাদক (ওয়ান নিউজ এক্সপ্রেস) এবং সিনিয়র রিপোর্টার (দৈনিক সরেজমিন বার্তা)·
সৈয়দা সালমা সুলতানা
— সহ-মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি·
তাসমিয়া রহমান
— মুখপাত্র, নিউজিয়াম ও জুলাইযোদ্ধা
সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।