উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।নিহতরা হলেন— পশ্চিম চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী মনিরা বেগম (৫২), তার ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)। রাশিদা বেগম বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কয়েকদিন আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে বাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা কচুয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে তিনজনের গলিত মরদেহ দেখতে পায়।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি কয়েক দিন আগেই সংঘটিত হয়েছে।খবর পেয়ে কচুয়া থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিত তদন্ত শুরু করেছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।