উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমান।বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে এপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশে নেতৃত্বে আসা সাজ্জাদুর রহমান পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তার অভিজ্ঞতা রয়েছে। এপিবিএনে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব ও শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন।উল্লেখ্য, গত ২১ জুলাই কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন সাজ্জাদুর রহমান।কেএমপিতে নতুন কমিশনার নিয়োগের ফলে খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করছেন নগরবাসী। বিশেষ করে ছিনতাই, মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে নতুন কমিশনারের কাছে।নতুন দায়িত্ব গ্রহণের পর কেএমপিকে আধুনিক ও জনবান্ধব পুলিশিংয়ের দিকে এগিয়ে নিতে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।