উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মতি (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১টার দিকে শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী একটি ভবনের চতুর্থ তলার টিনশেড কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় গড়াই পরিবহনের একজন টিকিট কালেক্টর ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৬ বছর ধরে শেখপাড়া এলাকার ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে একাই বসবাস করতেন মতি। তিনি কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।রবিবার সকালে ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি দুর্গন্ধ পান। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে মতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা (ওসি) এসআই অনিমেষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।