উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য নেওয়া রড নদীপথে পরিবহনের সময় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ থেকে সাত টন রড জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য বানারীপাড়া থেকে নদীপথে নেছারাবাদে রড আনা হচ্ছিল। পথে কৌরিখাড়া নদী এলাকা থেকে রডগুলো চুরি করে সুটিয়াকাঠি জোড়া ব্রিজ সংলগ্ন আলামিনের বাড়িতে নিয়ে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আলামিনের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ রড দেখতে পেয়ে তা জব্দ করেন এবং বিষয়টি নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে অবহিত করেন।খবর পেয়ে নেছারাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রডগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় আলামিনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে স্থানীয় বাসিন্দা আতিকুর ইসলাম লিটুর নাম উঠে আসে বলে জানা গেছে।এর আগে উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাখা প্রায় ২০ হাজার ইট চুরির অভিযোগের ঘটনাতেও আতিকুর ইসলাম লিটুর নাম উঠে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রড চুরির অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।