উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের সিংড়ায় দিনে-দুপুরে বুলবুলি খাতুন (২০) নামের সাত মাসের এক গর্ভবতী নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল্লাহর (২২) বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভাদরা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বুলবুলি খাতুন তার স্বামীকে দুপুরের ভাত খেতে দেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে মাদকাসক্ত স্বামী তার স্ত্রীকে ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আব্দুল্লাহকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। এই দম্পতির ঘরে আরিফা খাতুন (২) নামে একটি শিশু সন্তান রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আটক রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।