উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হেফাজতে গারদখানা থেকে কৌশলে পালিয়ে যায় ডাকাতি মামলার আসামি সম্রাট। এর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেফতার করেছে র্যাব ও গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের যৌথ দল। তার বিরুদ্ধে নতুন করে পলায়নের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার ১৯ জুলাই দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সোমবার ২০ জুলাই দুপুরে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার ৯ ঘণ্টার মাথায় র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে সম্রাটকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পলায়নের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। পুলিশের দ্রুত তৎপরতার ফলে মাত্র ৯ ঘণ্টার মধ্যেই পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জিএমপি সব সময়ই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।