উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফটিকছড়িতে এক ব্যবসায়ীকে মারধর, অপহরণের চেষ্টা ও ফেসবুকে লাইভ করে অপদস্ত করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উত্তরের ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপনসহ ১১ জনের বিরুদ্ধে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এই মামলা করেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন পশ্চিম ভূজপুর এলাকার ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মো. হাসেম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এলাকার একটি রাস্তা সংস্কারের অনিয়ম নিয়ে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছিলেন ব্যবসায়ী হাসেম। এর জেরে ক্ষুব্ধ হয়ে গত ১২ জুলাই আসামিরা তার দোকানে গিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। একপর্যায়ে তাকে কান ধরে উঠবস করিয়ে সেই দৃশ্য ফেসবুক লাইভে প্রচার করা হয় এবং জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
অভিযুক্ত চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন জানিয়েছেন যে তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না এবং এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না। রাস্তা নিয়ে ভিডিও প্রকাশের জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মিথ্যা মামলার হুমকির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।