উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহ্যবাহী মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মনির-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ২ নম্বর বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমদাদুল হক পলাশ।এক শুভেচ্ছা বার্তায় তিনি নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কেবল পরিচালনা কমিটির একার দায়িত্ব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই একটি বিদ্যালয় আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে।তিনি নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মনিরের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ১৪ দফা গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন।প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা, ছেলেদের জন্য যোহরের নামাজ জামাতে আদায়ের ব্যবস্থা চালু ও নিয়মিত মনিটরিং করা, বিশেষ প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা, বিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান, তামাকজাত দ্রব্য ও মাদক সম্পূর্ণ নিষিদ্ধ নিশ্চিত করা এবং বিদ্যালয় প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।এছাড়া তিনি নিয়মিত সকালের অ্যাসেম্বলি, জাতীয় সংগীত পরিবেশন, শপথ পাঠ ও নৈতিক শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা চালু রাখা, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম বৃদ্ধি, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও প্রস্তাব করেন, বিদ্যালয়ের দোকানপাটে দুইজনের বেশি শিক্ষার্থীর অপ্রয়োজনীয় ভিড় না করা, বিদ্যালয় ছুটির পর রাস্তাঘাট বা বাজারে অযথা আড্ডা পরিহার করে দ্রুত নিজ নিজ বাসায় ফিরে যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখা এবং অনলাইনে শালীন আচরণ বজায় রাখতে উদ্বুদ্ধ করা। পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের লেখাপড়া, বিদ্যালয়ে উপস্থিতি ও আচরণের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান।এমদাদুল হক পলাশ বলেন, "আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।"স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণ বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।