উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায় ১৫তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত করা হয়। আগামী ৪ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়।
এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। ২০০৩ সালের সেই আসরেই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্রবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের দল। তবে ২০২৫ সালে আসর আয়োজনের পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে বাংলাদেশের হাতেই আয়োজনের দায়িত্ব তুলে দিয়েছে সাফ।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে আগামী ২৫ জুলাই ঢাকায়। আর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে এর ড্র। ঘরের মাঠে এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবেন হামজা চৌধুরী, শোমিত সোম ও ফাহামিদুল ইসলামরা। তাই এবারের আসরকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে রয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত এখন পর্যন্ত ৯ বার শিরোপা জিতেছে। ভারতের বাইরে মালদ্বীপ দুটি, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসছে ১৫তম সাফ, যা ঘরের মাঠে শিরোপা খরা কাটানোর বড় সুযোগ।