উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৬২ বছর বয়সী রুডি গার্সিয়া। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোমেনিকো টেডেস্কোর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়া রোমা, মার্সেই ও নাপোলির সাবেক এই কোচ আগামী ৩১ জুলাই চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রেড ডেভিলসদের বিদায় জানাবেন।
গার্সিয়ার অধীনেই বেলজিয়াম ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। শেষ আটে স্পেনের কাছে হেরে তাদের পথচলা থামে। আরবিএফএ-র ওয়েবসাইটে গার্সিয়া বলেন, "আরবিএফএ’র সাথে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি গত ১৮ মাসের যাত্রাকে আর দীর্ঘায়িত করবো না। আমি বেলজিয়ামকে নেশন্স লিগের এ-লিগে এবং বিশ্বের শীর্ষ আট দলের মধ্যে রেখে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "অসম্ভব প্রতিভাবান কিছু খেলোয়াড়, স্পোর্টস ডিরেক্টর ভিনসেন্ট মানায়ার্ত এবং পুরো বিশ্বকাপ জুড়ে যে সকল সমর্থক আমাদের সমর্থন যুগিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বেলজিয়াম তাদের প্রজন্মান্তরের রূপান্তর সফলভাবে এগিয়ে নিয়ে যাক, এই কামনাই করি। এই রূপান্তরের সূচনা করতে পেরে আমি গর্বিত।"
গার্সিয়ার অবদানের প্রশংসা করে স্পোর্টস ডিরেক্টর ভিনসেন্ট মানায়ার্ত জানান, ক্রীড়া ও আর্থিক দিক থেকে কঠিন এক পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে গার্সিয়া দলকে পুনরুজ্জীবিত করেছেন। তাঁর নিষ্ঠা ও অভিজ্ঞতায় দলে ঐক্য ফিরে আসে। তিনি জানান, গত ১৮ মাসের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে এখন জাতীয় দলের নতুন কোচ নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।