উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নেপালকে পাত্তাই দেয়নি বাংলাদেশ নারী কাবাডি দল। চতুর্থ ম্যাচে সফরকারী নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে, যা এখন কেবলই নিয়মরক্ষার।
সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলে ৮-৪ পয়েন্টে এগিয়ে যায় নেপাল। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশের মেয়েরা। দারুণ কিছু বোনাস পয়েন্টের মাধ্যমে ব্যবধান কমিয়ে আনার পর ট্যাকল ও রেইডে মুন্সিয়ানা দেখিয়ে ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতির পর নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২১-১৫ পয়েন্টের লিড নেয় বাংলাদেশ। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট এবং সফরকারীদের ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয়ী দলটি।