উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ ৪১টি দলের শতাধিক নেতার অংশগ্রহণে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শরিক দলের নেতারা সরকারের বিভিন্ন সিদ্ধান্তে তাদের অবমূল্যায়ন ও যোগাযোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও গণফোরামের সুব্রত চৌধুরী অভিযোগ করেন, সরকার গঠনের পর বিভিন্ন প্রশাসনিক নিয়োগ ও সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শরিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় করা হয়নি।
শরিকদের এই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী স্বীকার করেন, কাজের ব্যস্ততায় এতদিন তাদের সঙ্গে বসা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা, নিয়মিত রাজনৈতিক সংলাপ আয়োজন এবং শরিকদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকারের উন্নয়নমূলক ও জনঘনিষ্ঠ কাজগুলোকে সুসংগঠিত করার জন্যই এ বৈঠক হয়েছে। দেরিতে হলেও সরকারের পক্ষ থেকে শরিকদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আলোচনার উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শরিক নেতারা।