উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের আবেগ সামলে দেশের শহর পুজাতোতে ফিরেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ফাইনালকে ঘিরে ওঠা নানা বিতর্ক ও গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, আপাতত ফুটবল থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোই তার একমাত্র পরিকল্পনা।
ফাইনালের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির বক্তব্যকে কেন্দ্র করে দলে কোনো অস্থিরতা বা অন্তর্দ্বন্দ্ব ছিল কি না—এমন প্রশ্ন উড়িয়ে দেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।’
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস ইজ আর্জেন্টিনা’ লেখা ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টাইন ফুটবলারদের ব্রিটিশ ভিসা নিষিদ্ধ হওয়ার গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি। স্কালোনি জানান, এ বিষয়ে তাকে বা দলকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অবশ্য এই বিশ্রাম বেশি দিনের নয় বলে জানান স্কালোনি। আগামী সেপ্টেম্বরেই আর্জেন্টিনার পরবর্তী মিশনের প্রস্তুতি নিতে তাকে আবারও অনুশীলনের মাঠে ফিরতে হবে।