উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, বরং এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব। অফিসের প্রতিটি দায়িত্বকে ইবাদতের মানসিকতা নিয়ে পালন করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে।
কর্মশালায় উপস্থিত সবাইকে নিজেদের দক্ষতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং সেবার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াত আমীর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।