উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্সের হয়ে খেলবেন। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী এই টি-টেন ফরম্যাটের টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন কাটার মাস্টার।
ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স মার্কুই প্লেয়ার ক্যাটাগরিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
মোস্তাফিজের ছবি দিয়ে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স ক্যাপশনে লিখেছে, ‘বড় চমক। কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানকে ‘ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স’-এ স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত! দুর্দান্ত সব ইয়র্কার ও কাটার দেখার জন্য প্রস্তুত হয়ে যান।
তারা আরও যোগ করেছে, ‘দ্য ফিজ’ এখন আনুষ্ঠানিকভাবে একজন ‘অ্যাঙ্কর’। আসুন সবাই মিলে গর্জে উঠি!’
মোস্তাফিজ ছাড়াও ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স দলে রয়েছেন ইংল্যান্ডের মঈন আলি ও ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো ক্রিকেটাররা। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার।
ভ্যাঙ্কুভার অ্যাঙ্করস দল: মঈন আলি, মোস্তাফিজুর রহমান, দীপেন্দ্র সিং আইরে, আখিল কুমার, ম্যাক্স চু, ক্রিস জর্ডান, শের আলি, আদবিত ঢাবে, ম্যাথু স্পুরস, শুবম হান্ডা, গুরনেক জোহাল, আনেরিন ডোনাল্ড, টম মুরস ও বেন স্যান্ডারসন।
কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে বিভিন্ন দলের হয়ে আরও খেলবেন কলিন মুনরো, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, টম কারান, ইমাদ ওয়াসিম, ক্রিস লিন এবং সিকান্দার রাজার মতো তারকা ক্রিকেটাররা।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করার পরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি।