উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখতে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
বর্তমানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ব্যাকঅ্যাপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে, যা কার্যকর হলে হজের খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ২০২৬ সালের ন্যায় আবাসন হার ১ শতাংশে সীমাবদ্ধ রাখার আবেদন জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি রাষ্ট্রদূত জানান, মন্ত্রণালয়ের পাঠানো আধা-সরকারি চিঠিটি তিনি সুপারিশসহ সৌদি সরকারের কাছে পাঠিয়েছেন। এছাড়া তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।
বৈঠকে ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩-এর মূল্য নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। সবশেষে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।