উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন এই নিয়মে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এসপিএ।
তবে এই ভিসা ব্যবহারের ক্ষেত্রে প্রতিবার প্রবেশের সময় দর্শনার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি প্যাকেজ কিনতে হবে। এছাড়া সৌদিতে আসার আগেই নুসুকের মাধ্যমে ওমরাহ অনুমতিপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক। তবে হজ মৌসুমে অর্থাৎ আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে।
এদিকে সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা আকামা ইস্যু ও নবায়নের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম ৩ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত মেয়াদের রেসিডেন্সি পারমিট বেছে নিতে পারবেন। 'আবশের' প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই সেবা পাওয়া যাবে।
নতুন এই নিয়মের ফলে নিয়োগকর্তাদের আর এককালীন দীর্ঘমেয়াদি ফি পরিশোধ করতে হবে না। তারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সুবিধা অনুযায়ী তিন মাস বা এর গুণিতক মেয়াদের জন্য কিস্তিতে ফি পরিশোধের সুযোগ পাবেন। জাওয়াজাত, মানবসম্পদ মন্ত্রণালয় এবং নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’ যৌথভাবে এই বিশেষ সেবাটি চালু করেছে।