উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের মার্চে ইন্টারপজিটিভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। সে সময় চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা না হলেও, আন্তর্জাতিক গণমাধ্যমে এর মূল্য প্রায় ৬০ কোটি ডলার হতে পারে বলে খবর প্রকাশিত হয়। সম্প্রতি নিয়ন্ত্রক নথিতে ব্যয়ের প্রকৃত অঙ্ক প্রকাশ করা হয়েছে, যা ৭ হাজার কোটি টাকা।
হলিউড অভিনেতা ও পরিচালক বেন অ্যাফলেক ইন্টারপজিটিভের সহপ্রতিষ্ঠাতা। অধিগ্রহণের ঘোষণার সময় তিনি বলেছিলেন, তাদের লক্ষ্য মানুষের সৃজনশীলতাকে আরও শক্তিশালী করা, তার বিকল্প তৈরি করা নয়। প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি মূলত চলচ্চিত্রের পরবর্তী সম্পাদনার কাজে ব্যবহৃত হয়, যা শুটিংয়ে বাদ পড়া দৃশ্য পূরণ, পটভূমি পরিবর্তন এবং আলোর ত্রুটি সংশোধনে সহায়তা করে।
নেটফ্লিক্স জানিয়েছে, ইন্টারপজিটিভের পুরো দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। বেন অ্যাফলেকও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তবে নতুন দায়িত্বে তিনি কী ধরনের কাজ করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
তবে এআই ব্যবহারের বিস্তার নিয়ে বিতর্কও রয়েছে। অনেক নির্মাতা ও শিল্পী আশঙ্কা করেন যে, অতিরিক্ত এআই ব্যবহার মানুষের সৃজনশীলতার মূল্য কমিয়ে দিতে পারে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দাবি, এআই মানুষের বিকল্প নয়, বরং নির্মাতাদের কাজকে আরও সহজ ও কার্যকর করার একটি সহায়ক প্রযুক্তি।
নেটফ্লিক্সও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পথে এগোচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রায় ৩০০টি চলচ্চিত্র ও ধারাবাহিকে ইতিমধ্যে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অধিগ্রহণের মাধ্যমে নেটফ্লিক্স নিজস্ব এআই সক্ষমতা আরও শক্তিশালী করতে চায়, যাতে ভবিষ্যতে কম সময়ে ও তুলনামূলক কম খরচে উন্নত মানের কনটেন্ট তৈরি করা সহজ হয়।