উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি।
ফাইনাল হারের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে স্কালোনি বলেন, আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সঙ্গে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না।
টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা স্কালোনির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আগামী বিশ্বকাপে তিনি ডাগআউটে থাকলেও লিওনেল মেসিসহ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। মূলত এই কারণেই ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
শিরোপা হাতছাড়া হলেও নিজের দলের ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন স্কালোনি। শিষ্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।