উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘২য় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন’-এ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশ থেকে কোটি কোটি ডলার পাচারকারী স্বৈরাচারের দোসররা এখন বিদেশ থেকে জুলাই বিপ্লবকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা চুরির টাকা ব্যবহার করে জুলাইয়ের বীরদের ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
সাদিক কায়েম বলেন, গত ১৫ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও লুণ্ঠনের কথা মানুষ ভুলে যায়নি। জুলাই বিপ্লব কোনো একক দলের নয়, বরং এটি ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম। তিনি জোর দিয়ে বলেন, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সাফল্যকে কোনো অপপ্রচারই নষ্ট করতে পারবে না।
বিপ্লবের পর রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে না উল্লেখ করে তিনি বলেন, হতাশা থাকা স্বাভাবিক হলেও জুলাইয়ের গৌরব ক্ষুণ্ন করা যাবে না। এটি ন্যায়বিচার ও সংস্কারের দীর্ঘ যাত্রার সূচনা মাত্র। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), আরআইটি, ইউনিভার্সিটি অফ রেজিনা, নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ওয়াইবিএফ-এর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। ১৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সম্মেলনে সাদিক কায়েম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।