উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যার লক্ষ্যবস্তু ছিল দেশটির একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র। পাল্টা জবাব হিসেবে তেহরানও বিভিন্ন প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিপর্যয়কর পরিণতির হুমকি দিয়েছে।
গত ১৭ জুন সই হওয়া সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউজনেশনকে জানিয়েছেন, এই সিদ্ধান্তে তার কিছু আসে যায় না এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেওয়াই তাদের মূল লক্ষ্য।
শনিবার রাতের হামলায় ইরানের দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এই ঘটনার তদন্ত করছে এবং ইরান একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা কমানো এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে।
পাল্টা জবাবে কুয়েতের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। এছাড়া জর্ডান উপকূলের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে স্থানীয় বাহিনী। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে বিরোধই মূলত এই নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে।