উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিয়ান (৮) ও ইয়াকুব (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকালে পৌরসভার খরকী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা স্থানীয় খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হলেও তারা বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে বিদ্যালয়ের পাশের পুকুর ঘাটে তাদের জুতা দেখতে পান স্থানীয়রা।
পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস জানান, নাহিয়ান ও ইয়াকুব শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। দুই সহপাঠীর অকাল মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদরের সন্তানদের হারিয়ে শোকস্তব্ধ পরিবারগুলোর মাঝে চলছে আহাজারি।