উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৩৯ দিন ও ১০৪টি ম্যাচ শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। তবে খেলার মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে রয়েছে ফাইনালের বিরতি বা হাফটাইম শো।
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো আয়োজন করছে ফিফা। এতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয়, ম্যাডোনা, বিটিএস এবং দ্য মাপেটস। পুরো আয়োজনের প্রযোজনায় থাকছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।
আইএফএবি-এর আইন অনুযায়ী, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মধ্যবর্তী বিরতি ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়। কিন্তু মঞ্চ তৈরি ও সরানোর কারণে এবার বিরতি ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ক্লাব বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালেও দীর্ঘ বিরতির নজির রয়েছে, যা ফুটবলের প্রচলিত নিয়ম নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।