উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে পুঁজি করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের উচিত জনগণের সামনে সেই রূপরেখা স্পষ্টভাবে উপস্থাপন করা। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য কেবল স্বৈরাচারকে পুনরায় ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে। গণতন্ত্র রক্ষার জন্য এ দেশের মানুষ যেন আর রক্ত না দেয়, সেজন্য সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহিতার আওতায় আনা সমীচীন হবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগই মূল ভূমিকা পালন করবে। তবে বিচার বিভাগকে নিয়ে এখনই কঠোর সমালোচনা করতে নারাজ সরকার।
সরকার আগামী সংসদ অধিবেশনে পূর্ণাঙ্গ গুম প্রতিরোধ আইন আনতে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের আইন যুগোপযোগী করার প্রক্রিয়া চলছে। তবে মানবাধিকার আইনের ক্ষেত্রে দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।
বক্তব্যের শুরুতে মব জাস্টিসের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, এটি একটি অপসংস্কৃতি যা আইনের শাসন না থাকার কারণেই তৈরি হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইশরাক হোসেন, সাইফুল হকসহ অন্যান্যরা।