উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষের দেওয়া এই রায় বাংলার জমিনে অবশ্যই বাস্তবায়ন করা হবে। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দল স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন চায় না। তারা আগের ফ্যাসিবাদী কায়দায় সবকিছু চালাতে চায়। গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারাবে এবং সরকারকে ধিক্কার দেবে। সেই ধিক্কারের দায় বিরোধী দল নেবে না।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে জামায়াত আমির বলেন, ক্যাম্পাসগুলোতে আর কোনো গণরুম বা গেস্টরুমের নিপীড়ন ফিরে আসতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলো এখনো রাজনৈতিক অপচর্চামুক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা চুপচাপ আছি বলে মনে করবেন না যে ঘুমিয়ে গেছি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং শিবিরের ঢাবি সভাপতি মহিউদ্দিন খানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।