উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুলাওয়েতে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান। পিচ যে ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল, তা ম্যাচের শুরুতেই জানিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন ডিওন মায়ার্স। তার ৫৩ বলের এই ইনিংসে ভর করেই মূলত লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে ওপেনার মারুমানি মাত্র ৪ রানে বিদায় নিলেও, দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও মায়ার্স মিলে ৫৫ বলে ৭১ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন।
বেনেট ৩৮ বলে ৪৭ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এরপর একাই লড়াই চালিয়ে যান মায়ার্স, তুলে নেন ফিফটি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় শেষ ৩ ওভারে মাত্র ১৬ রান তুলতেই ৪টি উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭ এবং ব্রাড ইভান্স মাত্র ১ রান করতে সক্ষম হন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী, সাকলায়েন ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন। উইকেট না পেলেও পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে জিম্বাবুয়ের রানের গতি টেনে ধরেন।