উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে রাজধানীর পল্লবীতে উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে স্থাপিত গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত হবে।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি, বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সচেতনতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সেমিনারে তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) এর উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশ তুলে ধরে তাদের অধিকারের কথা বলেছিলেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন তারা এবং নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে, যা তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনবে।