উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে। আদালতের নির্দেশে ফ্ল্যাট দুটি ক্রোক ও রিসিভার নিয়োগের পর এই কার্যক্রম চলছে।
রোববার দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রিসিভারের দখলে থাকা ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে আসবাবপত্র ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে। রাজধানীর গুলশানের একটি ভবনের ৭ ও ১১ তলায় অবস্থিত ফ্ল্যাট দুটি আদালতের নির্দেশে রিসিভারের দখলে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় নির্বিঘ্নে তালিকা প্রস্তুতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই যৌথ দল গঠন করা হয়। তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।