উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা এখন থেকে সরকারি মোবাইল ফোনে টিকটক ব্যবহার করতে পারবেন। দেশটির বিচার বিভাগ নতুন এক সিদ্ধান্তের মাধ্যমে এই অনুমতি প্রদান করেছে, যা পূর্বে জারি করা নিষেধাজ্ঞার পর একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
২০২২ সালে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সরকারি কর্মীদের অফিসিয়াল ফোন, ট্যাবলেট ও অন্যান্য সরকারি ডিভাইসে টিকটক ডাউনলোড ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার প্রভাব পরে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমেও পড়েছিল।
রয়টার্সের তথ্যমতে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নতুন একটি যৌথ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পর এর আইনি অবস্থার পরিবর্তন হয়েছে। ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স এই নতুন প্রতিষ্ঠানের পেছনে রয়েছে, যেখানে ওরাকল নিরাপত্তা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।
টিকটকের মূল মালিক বাইটড্যান্স নতুন প্রতিষ্ঠানেও ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা ধরে রাখবে। বিচার বিভাগের এক স্মারকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী বিভাগের কর্মীদের সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমোদন দিয়েছেন।
তবে, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব নীতিমালা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাবিধি মেনেই অ্যাপটি ব্যবহার করতে হবে। প্রয়োজনে কোনো সংস্থা নিজস্ব সিদ্ধান্তে টিকটক ব্যবহারে অতিরিক্ত বিধিনিষেধও আরোপ করতে পারবে।
এর আগে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অ্যাপটির ওপর আরও বিস্তৃত বিধিনিষেধ কার্যকর হয়েছিল। যদিও আইন কার্যকর হওয়ার পর টিকটক অল্প সময়ের জন্য বন্ধ থাকলেও পরে কয়েক দফা সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।
এই নতুন সিদ্ধান্তের ফলে ফেডারেল সরকারি কর্মীদের জন্য সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের সুযোগ আবারও উন্মুক্ত হলো। তবে জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং সরকারি তথ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে, এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন নীতিমালা বা অতিরিক্ত শর্ত আরোপ করা হতে পারে।