উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম স্যার গ্যারি সোবার্স ৮৯ বছর বয়সে আর নেই। এই ক্যারিবিয়ান কিংবদন্তি বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা লিখেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি। আমাদের হৃদয়ে, আজীবন-স্যার গারফিল্ড সোবার্স।’
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। এই সময়ে তিনি ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেন এবং ২৩৫টি উইকেট শিকার করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
তবে ওয়েস্ট ইন্ডিজ, বার্বাডোজ, নটিংহামশায়ার ও দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলা ৩৮৩টি প্রথম শ্রেণির ম্যাচে সোবার্স ৫৪.৮৭ গড়ে ২৮,৩১৪ রান ও ২৭.৭৪ গড়ে ১০৪৩টি উইকেট নেন। সেই সময় ওয়ানডে ক্রিকেটের প্রচলন না থাকায় তিনি মাত্র একটি আন্তর্জাতিক ওয়ানডে খেললেও, ৯৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৭২১ রান ও ১০৯ উইকেট সংগ্রহ করেন।
ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারকে আইসিসি যে পুরস্কার দিয়ে থাকে, সেই ‘স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড’ তার নামেই প্রবর্তিত হয়েছে।
স্যার গ্যারিফিল্ড সোবার্স ছিলেন ক্রিকেটের এক বিস্ময়কর প্রতিভা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—ক্রিকেটের প্রতিটি বিভাগেই তার অসাধারণ দক্ষতা তাকে একজন পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। বাঁ-হাতি ব্যাটার হিসেবে তিনি যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতে বাঁ-হাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন করতে পারতেন এবং কাছাকাছি অবস্থানে দুর্দান্ত ফিল্ডিং করতেন।