উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় ম্লান ছিল, যা নিয়ে বিতর্ক এখনও থামছে না। এই সমালোচনা-প্রশংসার আলোচনায় এবার নিজের মতামত জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। তার মতে, পর্তুগিজ মহাতারকার ফুটবল খেলার ইচ্ছা অটুট থাকলেও শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না।
নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে রোনাল্ডো নাজারিও বলেন, "ফুটবলকে যতই ভালোবাসি না কেন, যতই সারাজীবন খেলতে চাই, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা শরীরই নিয়ে নেয়।" তিনি যোগ করেন, "আজ আমি আর খেলি না, কারণ আমার মন এখনও খেলতে চায়, কিন্তু শরীর আর সেই গতিতে সাড়া দেয় না।"
ইএসপিএন ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান ‘রিসেনহা ডু ৯’-এ কথা বলতে গিয়ে ‘ফেনোমেনন’ খ্যাত রোনাল্ডো বলেন, "ক্রিশ্চিয়ানো ও নেইমার—দুজনই সেই পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে তাদের ইচ্ছা আর শরীরের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়েছে।" দুইবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মতে, "শরীরের সাথে এই লড়াই জেতা সত্যিই খুব কঠিন।"
ব্রাজিলিয়ান কিংবদন্তি বিশ্বাস করেন, ক্রিশ্চিয়ানোর এখনও সৌদি প্রো লিগে দাপট দেখানোর সামর্থ্য রয়েছে, সেখানে সে সেরা হতে পারে। তবে বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করা অনেক বেশি কঠিন। তার ভাষায়, "বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটি মঞ্চ। সেখানে প্রতিযোগিতার মান অনেক বেশি আর সেই পর্যায়ে টিকে থাকা অনেক কঠিন।"