উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে অবশেষে ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই লক্ষ্যেই দীর্ঘ বিরতির পর সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড।
তবে অনুশীলনে ফেরার প্রথম দিনেই মাঠে নামেননি নেইমার। তিনি জিমনেসিয়ামে ঘাম ঝরিয়ে এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
সম্প্রতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে সান্তোস, যা তাদের অবনমন অঞ্চলের কাছাকাছি নিয়ে গেছে। এমন কঠিন সময়ে অনুশীলন কেন্দ্রে নেইমারের উপস্থিতি ক্লাবটিতে নতুন করে আশার আলো জাগিয়েছে। তিনি ইনডোর ওয়ার্কআউটের পাশাপাশি ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন।
সান্তোসের হয়ে নেইমার সর্বশেষ ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন, যেখানে তার দল ৩-০ গোলে হেরেছিল। ওই ম্যাচের পরদিনই তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পান এবং চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও প্রায় দুই মাস ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে দুটি ম্যাচে অংশ নেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন।
ক্লাবের হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও জাতীয় দলের জার্সিতে ৮০ গোল করা নেইমার এখনও ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচেই তাকে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে।