উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুই নারী প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা করিম খানের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলে ধরেন।
প্রকাশ্যে আসা আইসিসির ওই কর্মীর নাম সারাহ। পেশায় আইনজীবী সারাহ ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরাসরি করিম খানের বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, কলম্বিয়ায় এক সরকারি সফরের সময় করিম খান তাঁর হোটেলের কক্ষে ঢুকে তাঁর গায়ে আপত্তিকরভাবে হাত দেন।
সাক্ষাৎকারে প্যাট্রিসিয়া ছদ্মনামের দ্বিতীয় আরেক নারীও কথা বলেছেন। ২০০৯ সালে ইন্টার্নশিপ করার সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি অভিযোগ করেন, করিম খানের বাড়িতে গিয়ে কাজ করার সময় তিনি বারবার তাঁর ওপর চড়াও হতেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করতেন।
শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান। তাঁর অন্যতম আইনজীবী সারেতা আশরাফ দাবি করেছেন, এই অভিযোগগুলো নতুন কিছু নয় এবং আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় ভোটের মাত্র এক সপ্তাহ আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে এই সাক্ষাৎকার দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আইসিসির ১২৫টি সদস্যদেশ এক নজিরবিহীন ভোটাভুটিতে বসবে। সেখানে প্রসিকিউটর করিম খানকে তাঁর পদ থেকে অপসারণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত মাসে সারাহর অভিযোগের ভিত্তিতে আইসিসির গভর্নিং বডি তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে।
করিম খানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের জেরে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তবে তদন্ত নথিতে দেখা গেছে, কোনো গোয়েন্দা সংস্থা বা তৃতীয় পক্ষ সারাহকে ব্যবহার করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।