উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র ১০ বলে ৪টি ছক্কায় ৩১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ৩১০ স্ট্রাইক রেটের এই ক্যামিও ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সেরা স্ট্রাইক রেটের ১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সাইফুদ্দিন।
এর আগের রেকর্ডটি ছিল সাবেক ব্যাটার আফতাব আহমেদের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ১৪ বলে ২৫৭.১৪ স্ট্রাইক রেটে ৩৬ রান করেছিলেন আফতাব। সাইফুদ্দিনের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে।
শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ১৪১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ১৯ বল বাকি থাকতে ক্রিজে আসেন সাইফুদ্দিন। শেষ ওভারের প্রথম চার বলে জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্সকে টানা চারটি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের প্রথম ব্যাটার হিসেবে চার বলে চার ছক্কা মারার কীর্তি গড়েন সাইফুদ্দিন।
ষষ্ঠ উইকেটে ইয়াসির আলির সাথে ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফুদ্দিন। পরে বল হাতেও ৩৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৫২ রানে গুটিয়ে দিয়ে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরল। আগামী ১৯ জুলাই একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।