উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আপিল করার আর কোনো সুযোগ নেই। তিনি দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও জানান, রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় এখন আর সেই সুযোগ নেই। সরকারের কাছে তিনি বিচারের অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে তিনি বলেন, উপাচার্য নিয়োগে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এছাড়া ১৫ জুলাইয়ের হামলায় জড়িত ব্যক্তি ও তাদের সমর্থনকারী শিক্ষকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নতুন বাংলাদেশের রাজনীতি জুলাইয়ের চেতনা ধারণ করেই চলবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ আর স্বৈরতন্ত্রে ফিরে যাবে না, বরং একটি বৈষম্যহীন ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়তে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।