উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৯ জুলাই) স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখার পাশাপাশি আলবিসেলেস্তে সমর্থকদের মনে এখন বড় প্রশ্ন—স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনা দলের কোচ হিসেবে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল স্কালোনি?
স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত হলেও, চুক্তিতে বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার একটি বিশেষ ধারা রয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের মতে, বিশ্বকাপ শুরুর আগে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের মৌখিক সমঝোতা হলেও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্বকাপ চলাকালে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এড়িয়ে গেছেন এই ৪৮ বছর বয়সী কোচ।
২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন স্কালোনি। তবে সব সমালোচনা উড়িয়ে তার অধীনেই ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। তার অধীনে এখন পর্যন্ত ৮১টি ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা, ঘরে তুলেছে চারটি বড় শিরোপা।
চলতি বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের দ্বিতীয় কোচ হিসেবে ১০০ ম্যাচ পরিচালনার মাইলফলক স্পর্শ করেন স্কালোনি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১২৫ ম্যাচে কোচিং করানোর রেকর্ডটি গিলের্মো স্তাবিলের দখলে। অন্যদিকে, বিশ্বকাপজয়ী কোচদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় (১৯৭৪-১৯৮৩) দায়িত্বে ছিলেন সিজার লুইস মেনোত্তি।
বাংলাদেশ সময় রোববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই হাইভোল্টেজ ফাইনাল। ম্যাচটি শেষ হওয়ার পরই হয়তো জানা যাবে, সফলতম এই কোচ আর্জেন্টিনার ডাগআউটে তার যাত্রা অব্যাহত রাখবেন নাকি এখানেই ইতি টানবেন।